নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত আমিরের

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষা করতে হবে। অতীতের ভুলত্রুটি ও দুর্বলতা চিহ্নিত করে ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি ঠেকাতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, “এবার আমাদের স্পষ্ট ঘোষণা—বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব। কাউকে কোনো বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। আর কোনো চোরকে ভোট চুরি করতে দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, জনগণ জামায়াতকে ভোট দিলেও তা রক্ষা করা যায়নি। এটি দলের নিজেদের দুর্বলতা ছিল। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, তাদের মূল লক্ষ্য আল্লাহর জান্নাত লাভ করা। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সাধারণ খেটে খাওয়া মানুষের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর পথে দিনমজুর ও মেহনতি মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রুকনদের উদ্দেশে তিনি অতীতের দায়িত্বশীলদের আত্মত্যাগ স্মরণ করে বর্তমান স্বাধীন কর্মপরিবেশে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় এবং নবী ইবরাহিম (আ.) ও ইসমাইল (আ.)-এর ত্যাগের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সামর্থ্য অনুযায়ী অন্যায়ের বিরুদ্ধে সংগত প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।
সম্মেলন শেষে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে নাগরিকদের জন্য ৫০টিরও বেশি সেবামূলক সুবিধাসংবলিত ‘নাগরিক সেবা’ নামের একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন জামায়াত আমির।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি বা ক্ষমতার বিষয় নয়; এটি জীবন ও নীতি-নৈতিকতার মানদণ্ড। রুকনদের মান ও আধ্যাত্মিকতা যত শক্তিশালী হবে, সংগঠনও তত মজবুত হবে।
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও নুরুল ইসলাম বুলবুল এমপিসহ অন্য নেতারা।
সম্মেলনটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সকাল পৌনে ১০টা থেকে ১১টা পর্যন্ত ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ১৩ সহস্রাধিক রুকন সদস্য ভোট দেন। নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। তাঁকে সহযোগিতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ. সবুর ফকির। পরে বেলা ১১টা থেকে শুরু হয় মূল সাংগঠনিক অধিবেশন।
