বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সোমবার রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের ধারণা, অনুকূল পরিস্থিতি থাকলে আগামী সোমবারের (২৬ অক্টোবর) মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হতে পারে ‘অর্ণব’। নামটি বাংলাদেশের প্রস্তাবিত, যার অর্থ সমুদ্র। তবে আরব সাগরে অবস্থানরত অন্য লঘুচাপটি আগে ঘূর্ণিঝড়ে পরিণত হলে নামটি সেখানে ব্যবহৃত হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা তুলনামূলক কম হলেও ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৭ অক্টোবর থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বাড়তে পারে। ২৯ অক্টোবর থেকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সূত্র: News24BD
ছবি: News24BD
