বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জেবিআইসি

বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষের মধ্যে বিনিয়োগ সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জেবিআইসির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী আরও জানান, বিনিয়োগ আকৃষ্ট করা এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে তাঁর সরকার বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও প্রয়োজনীয় সংস্কারে গুরুত্ব দিচ্ছে।
তিনি উল্লেখ করেন, জেবিআইসির অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার উল্লেখযোগ্য সামঞ্জস্য রয়েছে। ফলে দুই পক্ষের সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে।
বৈঠকে বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় স্থাপনের অনুরোধ জানানো হয়। জবাবে সংস্থাটির গভর্নর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
