প্রধানমন্ত্রীর সঙ্গে লিউ হাইশিংয়ের সাক্ষাৎ, উন্নয়নে পাশে থাকার বার্তা চীনের

প্রধানমন্ত্রীর সঙ্গে লিউ হাইশিংয়ের সাক্ষাৎ, উন্নয়নে পাশে থাকার বার্তা চীন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বৈঠকে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানিয়েছে চীন।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন লিউ হাইশিং। প্রধানমন্ত্রীও শি জিনপিং ও দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াংকে শুভেচ্ছা জানান।
লিউ হাইশিং বলেন, বাংলাদেশের প্রতি চীনের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে দেওয়া যৌথ ঘোষণার ভিত্তিতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ করতে চায় তাঁর দেশ। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গড়ে ওঠা বন্ধুত্বের ধারাবাহিকতা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এগিয়ে নেওয়া প্রয়োজন।
এ সময় বর্তমান সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ কর্মসূচি কৃষক ও সাধারণ মানুষের উপকারের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখবে।
বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ১৩ লাখ রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে। জবাবে লিউ হাইশিং জানান, প্রধানমন্ত্রীর উদ্বেগের বিষয়টি তিনি প্রেসিডেন্ট শি জিনপিংকে অবহিত করবেন।
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব—আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা হয়। আরসিইপিতে বাংলাদেশের যোগদানের প্রতি চীনের সমর্থনের কথা জানান লিউ হাইশিং।
এ ছাড়া বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেয় উভয় পক্ষ। বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানান চীনা মন্ত্রী।
সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
চীনের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, সিপিসির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
